যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরান কোনো চূড়ান্ত চুক্তিতে সম্মত না হওয়া পর্যন্ত ইরানের ওপর আরোপিত বন্দর অবরোধ প্রত্যাহার করা হবে না। ট্রাম্পের দাবি, এই কঠোর নিষেধাজ্ঞার ফলে ইরানের অর্থনীতি বড় ধরনের চাপের মুখে পড়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, অবরোধের কারণে ইরান প্রতিদিন প্রায় ৫০ কোটি ডলারের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে, যা দেশটিতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে।
দুই দেশের মধ্যে চলমান অস্থিরতার মধ্যেই এই কঠোর অবস্থানের কথা জানালেন ট্রাম্প। এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চলায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে পাকিস্তানের মধ্যস্থতায় দ্বিতীয় দফা শান্তি আলোচনার সম্ভাবনাও এখন অনিশ্চয়তার মুখে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ প্রসঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘন কূটনৈতিক প্রক্রিয়ার পথে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। ইরান বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন তিনি।
রিপোর্টারের নাম 






















