নেত্রকোণার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পের আওতায় একটি সড়ক নির্মাণ কাজ কাগজে-কলমে শেষ হলেও বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। অভিযোগ উঠেছে, কাজ না করেই প্রকল্পের বরাদ্দকৃত আড়াই লাখ টাকা আত্মসাৎ করেছেন প্রকল্প কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও সড়কে মাটি ভরাটের কাজ না হওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) প্রকল্পের অধীনে তিয়শ্রী ইউনিয়নের বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের কোণা থেকে নন্দনের বাড়ি পর্যন্ত সড়কে মাটি ভরাটের জন্য ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে এই কাজ শেষ হওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার (২ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রকল্প এলাকায় কোনো ধরনের কাজই হয়নি। স্থানীয় বাসিন্দা নূরুল আলম, বাবুল ও শহীদ মিয়াসহ একাধিক ব্যক্তি জানান, প্রতিবছরই এই সড়কের নামে বরাদ্দ আসে, কিন্তু সময়মতো কাজ হয় না। তারা অভিযোগ করেন, প্রতিবাদ করলে উল্টো হুমকি-ধমকি দেওয়া হয়।
এ বিষয়ে প্রকল্প কমিটির সভাপতি সফিয়ন তালুকদার বলেন, পিআইও অফিস থেকে বিল না পাওয়ায় সময়মতো কাজ করা যায়নি। তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ূন কবির জানান, বালালী এলাকার প্রকল্পের বিল ছাড় দেওয়া হয়েছে। কমিটি বিল নিয়েছে কি না, তা খোঁজ নিয়ে বলতে হবে উল্লেখ করে তিনি প্রকল্পের কাজ বাস্তবায়ন হয়েছে কি না—এ প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, কাজ না করে বিল নেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
রিপোর্টারের নাম 



















