মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে কড়া বার্তা দিয়েছেন যে, যদি আলোচনা ব্যর্থ হয়, তবে তিনি আর ‘মিস্টার নাইস গাই’ বা ‘ভালো মানুষ’ থাকবেন না। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইরান ইস্যুতে নতুন করে আলোচনার জন্য একটি উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানে যাচ্ছে।
হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, এই প্রতিনিধি দলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, কূটনীতিক স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন। পাকিস্তান ইতোমধ্যে সম্ভাব্য এই বৈঠকের আয়োজন শুরু করেছে। তবে ইরান এখনো আনুষ্ঠানিকভাবে এই আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে কোনো নিশ্চিত বার্তা না দেওয়ায় বৈঠকটি আদৌ হবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
এদিকে, ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, আলোচনায় কোনো অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে কঠোর পদক্ষেপ নিতে পারে। অন্যদিকে, সাম্প্রতিক উত্তেজনার জেরে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে অচলাবস্থা তৈরি হয়েছে। গতকাল কিছু জাহাজে ইরানের হামলার পর ওই এলাকায় নৌ চলাচল স্থবির হয়ে পড়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
রিপোর্টারের নাম 






















