দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষায় ১ হাজার ৯৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ঠাকুরগাঁও জেলার একটি কেন্দ্র থেকে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার পরীক্ষা শেষে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বোর্ডের অধীনে মোট ৯১ হাজার ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৯ হাজার ৯৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। অনুপস্থিতির হার ছিল মোট পরীক্ষার্থীর ২ দশমিক ১৩ শতাংশ।
জেলা ভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখ করে তিনি বলেন, রংপুরে ৩৭৯ জন, গাইবান্ধায় ৩২৪ জন, দিনাজপুরে ৩৬৬ জন, নীলফামারীতে ২৩২ জন, কুড়িগ্রামে ২০৪ জন, ঠাকুরগাঁওয়ে ১৬০ জন, লালমনিরহাটে ১৩৪ জন এবং পঞ্চগড়ে ১২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও জেলার একটি কেন্দ্রে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হলেও অন্য কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং কেন্দ্র সংশ্লিষ্টদের সমন্বিত তৎপরতায় আগামী পরীক্ষাগুলোও একইভাবে সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হবে।
রিপোর্টারের নাম 



















