ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল প্রত্যাশিত দ্বিতীয় দফার শান্তি আলোচনাকে কেন্দ্র করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাজ সাজ রব বিরাজ করছে। এই আলোচনার প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করতে রোববার (১৯ এপ্রিল) ওয়াশিংটনের একটি অগ্রবর্তী প্রতিনিধিদল ইসলামাবাদে এসে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।
আগামী সপ্তাহে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের প্রতিনিধিদের মধ্যে গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে পাকিস্তান, ইরান কিংবা মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই আলোচনার নির্দিষ্ট সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি। উচ্চপর্যায়ের এই কূটনৈতিক সফরকে কেন্দ্র করে ইসলামাবাদের নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে জোরদার করা হয়েছে। স্থানীয় পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শহরের রেড জোন এবং বর্ধিত রেড জোন এলাকায় সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
এর আগে গত ৮ এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল দেশ দুটি। সেই ধারাবাহিকতায় ১০ ও ১১ এপ্রিল ইসলামাবাদে প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনেই এই সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 
























