মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ফের ভয়াবহ যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, যেকোনো মুহূর্তে এই অঞ্চলে নতুন করে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়তে পারে। রোববার ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিশেষ বিবৃতিতে তিনি এই সতর্কবার্তা উচ্চারণ করেন।
গালিবাফ তার বক্তব্যে স্পষ্ট করে বলেন, তেহরান ওয়াশিংটনকে বিন্দুমাত্র বিশ্বাস করে না। চলমান যুদ্ধবিরতি বা শান্তি প্রক্রিয়া নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দেওয়ায় ইরান যেকোনো পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে। তার এই মন্তব্য এমন এক সময়ে এল যখন পুরো বিশ্ব মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনের পথ খুঁজছে।
এদিকে ইরানের এই কড়া হুঁশিয়ারির পর ইসরায়েল তাদের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় (হাই অ্যালার্ট) রেখেছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আশঙ্কায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সীমান্ত ও কৌশলগত এলাকাগুলোতে নজরদারি জোরদার করেছে। সব মিলিয়ে এই অঞ্চলে আবারও এক ভয়াবহ যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
রিপোর্টারের নাম 





















