আঞ্চলিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী প্রাকৃতিক গ্যাস সরবরাহ চুক্তিটি নবায়ন করতে চায় তুরস্ক। বর্তমান চুক্তির মেয়াদ দ্রুত ফুরিয়ে আসলেও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আঙ্কারা এই অংশীদারিত্ব বজায় রাখতে আগ্রহী বলে জানিয়েছেন তুর্কি জ্বালানি মন্ত্রী আলপারসলান বায়রাক্তার।
আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের এক পার্শ্ববৈঠকে তুর্কি মন্ত্রী জানান, চলমান যুদ্ধের কারণে আলোচনার প্রক্রিয়া কিছুটা থমকে গেলেও তারা খুব শিগগিরই ইরানের সঙ্গে নতুন চুক্তির শর্ত নিয়ে টেবিলে বসতে চান। তিনি গুরুত্বারোপ করেন যে, সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখা তুরস্কের জন্য অত্যন্ত জরুরি।
হরমুজ প্রণালিতে সাম্প্রতিক উত্তেজনা ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপের বিষয়ে প্রশ্ন করা হলে বায়রাক্তার বলেন, এসব প্রতিকূলতা সত্ত্বেও তুরস্ক এখন পর্যন্ত বড় কোনো জ্বালানি সংকটের সম্মুখীন হয়নি। আঙ্কারা মনে করে, ইরানের সঙ্গে এই গ্যাস চুক্তি তাদের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা মেটাতে কার্যকর ভূমিকা রাখবে।
রিপোর্টারের নাম 





















