ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তৈরি হওয়া বিতর্ক প্রশমনে পোপ লিওর সাম্প্রতিক ব্যাখ্যাকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এর আগে ক্যামেরুনে দেওয়া এক ভাষণে পোপ বলেছিলেন, বিশ্ব ‘কয়েকজন স্বৈরশাসকের হাতে বিপর্যস্ত’। পোপের এই মন্তব্য ট্রাম্পকে উদ্দেশ্য করে বলা হয়েছে বলে যে ধারণা তৈরি হয়েছিল, তা পোপ নিজেই খণ্ডন করেছেন। তিনি জানিয়েছেন, ভাষণটি আগে থেকেই প্রস্তুত করা ছিল এবং এটি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে দেওয়া হয়নি।
জেডি ভ্যান্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, মিডিয়া প্রায়ই কৃত্রিম সংঘাত তৈরির চেষ্টা করে। তিনি মনে করেন, পোপ তাঁর ধর্মীয় ও নৈতিক অবস্থান থেকে কথা বলেন, আর প্রশাসন সেই মূল্যবোধগুলোকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করে। ভ্যান্স পোপের জন্য প্রার্থনা করার পাশাপাশি নিজেদের জন্যও তাঁর প্রার্থনা কামনা করেন।
এর আগে পোপ লিও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী অবস্থানের সমালোচনা করলে ডোনাল্ড ট্রাম্প তাঁর কঠোর সমালোচনা করেছিলেন। পোপের এই নতুন স্পষ্টীকরণ আন্তর্জাতিক অঙ্গনে ধর্ম ও রাজনীতির মধ্যকার উত্তেজনা কিছুটা কমিয়ে আনবে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 




















