গাজা উপত্যকায় বিশুদ্ধ পানি সরবরাহকারী ট্রাকের দুই চালককে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটি এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই বর্বরোচিত হামলার প্রতিবাদ জানায় এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে।
ইউনিসেফ জানায়, উত্তর গাজার মানসুরা পানি ভর্তি কেন্দ্রে এই হামলা চালানো হয়। গাজা সিটিতে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ব্যবহৃত মেকোরোট লাইনের এটিই ছিল একমাত্র কার্যকর ফিলিং পয়েন্ট। নিয়মিত কার্যক্রম চলাকালীন কোনো কারণ ছাড়াই ইসরায়েলি বাহিনী এই হামলা চালায়। এতে দুজন নিহত হওয়া ছাড়াও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনার পর ওই কেন্দ্রের সমস্ত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, মানবিক সহায়তা কর্মী এবং বেসামরিক অবকাঠামো, বিশেষ করে পানি সরবরাহ ব্যবস্থার ওপর আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী বেসামরিক মানুষ এবং ত্রাণ কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা বাধ্যতামূলক। ইউনিসেফ ইসরায়েলি কর্তৃপক্ষকে এই ঘটনার দ্রুত তদন্ত করে দায়ীদের কঠোর শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছে।
রিপোর্টারের নাম 


















