চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মাদকবিরোধী এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার ক্রসিং এলাকায় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ গোপন সূত্রে খবর পেয়েছিল যে, হানিফ পরিবহনের একটি বাসে করে মাদকদ্রব্য চট্টগ্রাম অভিমুখে আসছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশ কর্মকর্তারা কর্ণফুলী থানাধীন ক্রসিং এলাকার পেট্রোল পাম্পের কাছে বাসটিকে থামার সংকেত দেন। তবে চালক সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পুলিশ তখন বাসটিকে ধাওয়া করে এবং চালক, সুপারভাইজার ও হেলপারসহ বাসটিকে আটক করে।
জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, গাড়িতে মাদক থাকার কারণেই তারা পালানোর চেষ্টা করেছিল। এরপর যাত্রীদের সামনে বাসে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকানো ১৪ হাজার পিস ইয়াবা ও ৮ কেজি হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. আলী হোসাইন (৪২), মো. আজিম (৪০) এবং মুহাম্মদ রাসেল (৪৯)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা কক্সবাজার থেকে অজ্ঞাত ২-৩ জন ব্যক্তির কাছ থেকে এই মাদক সংগ্রহ করে চট্টগ্রাম হয়ে ঢাকায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানা গেছে। এদের মধ্যে মো. আলী হোসাইন প্রকাশ আলী হোসেনের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানায়ও মাদক সংক্রান্ত একটি মামলা রয়েছে।
মাদক পরিবহনের দায়ে হানিফ পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে। আজ তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম নিশ্চিত করেছেন।
রিপোর্টারের নাম 























