দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে ইসলামী ব্যাংকের কার্যক্রমে নিবিড় তদারকির জন্য বাংলাদেশ ব্যাংক একজন পর্যবেক্ষক নিয়োগ করেছে। ব্যাংকটির কার্যক্রম পর্যবেক্ষণ, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করার উদ্দেশ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৯(১)(ঘ)(আ) অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পর্যবেক্ষক হিসেবে তিনি পরিচালনা পর্ষদের সভাসহ ব্যাংকের বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংককে নিয়মিত অবহিত করবেন।
সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ও নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে গ্রাহকদের মধ্যে মতবিরোধ ও বিক্ষোভ দেখা দেয়। এই অস্থিরতার জেরে ব্যাংক থেকে আমানত তুলে নেওয়ার ঘটনাও ঘটে। গত ১ থেকে ৭ জুন পর্যন্ত ব্যাংকটি থেকে প্রায় ৪ হাজার ২৪০ কোটি টাকা আমানত তুলে নেওয়া হয়, যার ফলে ব্যাংকটি নগদ জমা বা সিআরআর (CRR) রাখতে ব্যর্থ হয় এবং বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা ধার চায়। এই পরিস্থিতিতে ব্যাংকের কার্যক্রমে আস্থা, শৃঙ্খলা ও সুশাসন জোরদার করার জন্য পর্যবেক্ষক নিয়োগের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 





















