রাজধানীর চানখারপুল এলাকায় মৌমিতা পরিবহনের একটি বাসের ধাক্কায় জয়দেব (৪০) নামের এক ওষুধ কোম্পানির ডিস্ট্রিবিউটার নিহত হয়েছেন। তিনি রয়েল ল্যাবরেটরিজ কোম্পানিতে কর্মরত ছিলেন।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে চানখারপুল ফ্লাইওভারের ঢালে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী মুসা গাজী জানান, দুর্ঘটনার পর আহত জয়দেবকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, নিহতের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে এবং ঘাতক বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























