রাজধানীর মগবাজার এলাকায় ‘নবীন ফ্যাশন’ নামের একটি পোশাকের দোকান জোরপূর্বক বন্ধ করে দেওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন আদালত। এ ঘটনায় হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সশরীরে তলব করা হয়েছে। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত থেকে দোকানটি পুনরায় খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বপ্রণোদিত হয়ে এই আদেশ প্রদান করেন। আদালতের আদেশে উল্লেখ করা হয়, মগবাজারের বিশাল সেন্টার মার্কেটের ওই দোকানে একদল লোক পুলিশ সদস্যদের উপস্থিতিতেই বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং দোকানটি বন্ধ করে দেয়। এ সময় পুলিশ সদস্যদের নির্লিপ্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, যা একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে উঠে আসে।
আদালত তার পর্যবেক্ষণে বলেন, পুলিশের এমন আচরণ জনমনে ভীতির সঞ্চার করতে পারে। পুলিশের এই ভূমিকাকে কেন আইনবহির্ভূত ও পেশাদারত্ববিরোধী হিসেবে গণ্য করা হবে না, তা জানতে চেয়ে ওসিকে তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের বিস্তারিত পরিচয় আদালতে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 

























