নেত্রকোণার মদন উপজেলায় স্ত্রীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের মণিকা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মণিকা গ্রামের আনোয়ার মিয়ার স্ত্রীকে একই গ্রামের খোকন মিয়ার ছেলে বাবু দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ বৃহস্পতিবার সন্ধ্যায় শাহজাহান মিয়ার দোকানের সামনে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন খোকন মিয়া, বাবর মিয়া ও ফাতেমা আক্তার। তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ছাত্তার, আমিনুল, মুক্তা আক্তার ও দিলারা বেগম নামের আরও চারজন আহত হয়ে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। উল্লেখ্য, প্রায় ১৫ দিন আগে আনোয়ার মিয়াকে খোকন মিয়ার লোকজন মারপিট করে হাসপাতালে পাঠিয়েছিল এবং এ বিষয়ে মদন থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযুক্ত বাবু অবশ্য উত্ত্যক্ত করার অভিযোগ অস্বীকার করে এটিকে পারিবারিক বিরোধ বলে দাবি করেছেন।
একই দিনে মদন পৌর শহরের বাড়িভাদড়া গ্রামে মাদকের ঘটনাকে কেন্দ্র করে আরও একটি পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আবুল হাসেম, শরীফ ও সঞ্জিলা আক্তার গুরুতর আহত হন। তাদেরও উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম জানিয়েছেন, মণিকা ও বাড়িভাদড়া গ্রামে পৃথক দুটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং উভয় পক্ষের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 
























