শৃঙ্খলা, সততা এবং ধৈর্যশক্তি নিয়ে যুবকদেরকে নতুন বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম।
শুক্রবার বড় রংপুর আলিয়া মাদরাসায় জেলা যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
মাওলানা আব্দুল হালিম তাঁর বক্তব্যে বলেন, “যুব সমাজকে জ্ঞানার্জন, দক্ষতা অর্জন এবং দাওয়াতি কাজের মাধ্যমে সংগঠিত হতে হবে। ‘উই ওয়ান্ট জাস্টিস’ (আমরা ন্যায়বিচার চাই) এই স্লোগানকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে।”
বৈঠকে অন্যান্য বক্তারাও বলেন, একটি দেশের ভবিষ্যৎ গঠনে সংগঠিত ও আদর্শবান যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নৈতিকতা, শৃঙ্খলা ও আদর্শিক চর্চার মাধ্যমে সমাজ পরিবর্তনে কাজ করার আহ্বান জানান।
রংপুর জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা মোস্তাক আহমদের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মো. মোশাররফ হোসেনের সঞ্চালনায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী।
এছাড়াও বৈঠকে বক্তব্য দেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, জেলা ওলামা বিভাগের সভাপতি ও বিশিষ্ট মুফাসসিরে কুরআন মাওলানা নুরুল আমিন, জেলা যুব বিভাগের সেক্রেটারি আসাদুজ্জামান শিমুল এবং ইসলামী ছাত্রশিবির রংপুর জেলা সভাপতি মো. হামিদুর রহমান। বৈঠকে রংপুর জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুব বিভাগের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
রিপোর্টারের নাম 























