সিন্ডিকেট করে বিপুল অর্থ আত্মসাৎ ও মানবপাচারের দায়ে অভিযুক্ত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে রিমান্ড শুনানি শেষে আদালত থেকে নিয়ে যাওয়ার সময় নজিরবিহীন হেনস্তার শিকার হতে হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে ড্রেনের ময়লা পানি ছুড়ে মারে। রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের করা একটি মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আদালত সূত্র জানায়, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ডিবি পুলিশ তাকে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানায়। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তার বিরুদ্ধে উঠা ২৪ হাজার কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগের কথা তুলে ধরেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ ৫ দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে সোমবার গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য যে, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ফেনীতেও একটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিক্ষোভ ও ময়লা পানি নিক্ষেপের ঘটনায় আদালত প্রাঙ্গণে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
রিপোর্টারের নাম 

























