জুলাই বিপ্লবের সময় চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ১১ জনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও বাড়ানো হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আগামী ১২ এপ্রিল প্রতিবেদন জমার নতুন দিন ধার্য করেন।
এদিন সকালে চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ এই মামলার অন্য আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলাম এবং যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম ও মো. ফিরোজ। প্রসিকিউশনের পক্ষ থেকে তদন্তের জন্য অতিরিক্ত সময় চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
এদিকে, এই মামলাকে কেন্দ্র করে প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে এক কোটি টাকা ঘুষ দাবির অভিযোগ ওঠায় বিচারিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘুষ দাবির অডিও রেকর্ড ফাঁসের পর তিনি ইতিমধ্যে পদত্যাগ করেছেন। এই অভিযোগ খতিয়ে দেখতে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে, ঘুষ কেলেঙ্কারির প্রেক্ষাপটে আসামিপক্ষের আইনজীবীরা মামলাটি পুনঃতদন্তের দাবি জানিয়েছেন।
রিপোর্টারের নাম 

























