সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রেনের ধাক্কায় দুই খালাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে ঢাকা-ঈশ্বরদী রেলপথের ঘাটিনা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে।
নিহতরা হলেন বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের আখতার হোসেনের ছেলে ফয়সাল আহম্মেদ (২০) এবং তার খালাতো ভাই দেলুয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আলফে সানি (১৮)।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান জানান, সকালে ফয়সাল ও আলফে সানি বেলকুচি থেকে উল্লাপাড়া ঘাটিনা রেলওয়ে ব্রিজ এলাকায় বেড়াতে আসেন। দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটের দিকে তারা ঢাকা-ঈশ্বরদী রেলপথের ঘাটিনা ব্রিজের ওপর ঘোরাঘুরি করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই আলফে সানির ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত ফয়সাল আহম্মেদকে দ্রুত উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।
রিপোর্টারের নাম 




















