চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রকৃত কৃষকদের সরকারি সহায়তার আওতায় আনতে তথ্য সংগ্রহ কার্যক্রম জোরদার করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ১ নম্বর হলদিয়া ইউনিয়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. রাহাতুল ইসলাম।
পরিদর্শনকালে ইউএনও নিবন্ধন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন যাতে কোনোভাবেই প্রকৃত কৃষকরা সরকারি প্রণোদনা থেকে বঞ্চিত না হন। কৃষকদের তথ্যভাণ্ডার হালনাগাদ করার মাধ্যমে ভবিষ্যতে কৃষি সহায়তা প্রদান আরও কার্যকর ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুম কবির, কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা। সরকারি কৃষিসেবা যেন তৃণমূল পর্যায়ে সঠিকভাবে পৌঁছায়, তা নিশ্চিত করতেই এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়।
রিপোর্টারের নাম 

























