কক্সবাজারের সাংবাদিক নেতারা শোকাবহ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলার পাঁচজন শহীদের কবর জিয়ারত করেছেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রবিবার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তারা এই শ্রদ্ধা নিবেদন করেন।
শহীদদের মধ্যে ছিলেন মহেশখালীর তানভীর সিদ্দিকী, চকরিয়ার আহসান হাবিব, ঈদগাঁওয়ের নুরুল আমিন ও নুরুল মোস্তফা এবং চট্টগ্রামের প্রথম শহীদ ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক মোহাম্মদ ওয়াসিম আকরাম। সাংবাদিক নেতারা প্রথমে মহেশখালী উপজেলার কালারমারছড়ায় শহীদ তানভীর সিদ্দিকীর বাবার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার কবর জিয়ারত করেন।
পরবর্তীতে তারা পেকুয়া উপজেলার মেহেরনামা এলাকায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত, দোয়া ও মোনাজাতে অংশ নেন। এরপর চকরিয়ার ছরারকুল বায়তুর রহমান জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে শহীদ আহসান হাবিবের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। শহীদের বাবা ও ছোট ভাই খুনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
দিনের শেষভাগে ঈদগাঁওতে পৌঁছে সাংবাদিক নেতারা শহীদ নুরুল আমিন ও নুরুল মোস্তফার কবর জিয়ারত শেষে তাদের পরিবারের সদস্যদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। কর্মসূচিতে কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঘোষিত সাত দিনের কর্মসূচির চতুর্থ দিনে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়।
রিপোর্টারের নাম 






















