বাগেরহাটের চিতলমারী উপজেলায় গত কয়েক সপ্তাহ ধরে পল্লী বিদ্যুতের চরম লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্থবির হয়ে পড়েছে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও ক্ষুদ্র শিল্প। তীব্র গরমে জনদুর্ভোগের পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী স্থানীয়রা জানিয়েছেন, দিনের অধিকাংশ সময়ই বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে না। বিশেষ করে সন্ধ্যার পর লোডশেডিংয়ের মাত্রা বেড়ে যাওয়ায় স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা অসম্ভব হয়ে পড়েছে। এছাড়া প্রচণ্ড দাবদাহে বিদ্যুৎহীন অবস্থায় রাতের ঘুম ও দৈনন্দিন কাজ-কর্ম ব্যাহত হচ্ছে। ক্ষুদ্র উদ্যোক্তারা জানিয়েছেন, বিদ্যুতের এই অস্থিরতায় উৎপাদন ব্যাহত হওয়ায় তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
এ বিষয়ে চিতলমারী পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম (অতিরিক্ত) প্রকৌশলী মো. শাহ্আলম জানান, উপজেলায় প্রায় ৪৩ হাজার গ্রাহকের জন্য ১০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও বর্তমানে সরবরাহ মিলছে মাত্র ৫ থেকে ৬ মেগাওয়াট। চাহিদার তুলনায় অর্ধেক বিদ্যুৎ পাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। বিষয়টি সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়মিত অবহিত করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।
রিপোর্টারের নাম 






















