নওগাঁর ধামইরহাট ও মান্দা উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটে যাওয়া এসব দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিহত কৃষকেরা হলেন ধামইরহাট উপজেলার জালাল উদ্দীন এবং মান্দা উপজেলার পিন্টু।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৃষ্টির মধ্যে ধামইরহাটের ভাবির মোড় এলাকার কৃষক জালাল উদ্দীন তার বাড়ির পাশে একটি বিলে শসা তুলতে যান। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা জালাল উদ্দীনের মরদেহ বাড়িতে নিয়ে আসেন।
অন্যদিকে, মান্দা উপজেলার চকরামপুর মধ্যপাড়া ঈদগাহ সংলগ্ন এলাকার কৃষক পিন্টু বাড়ির পাশের একটি মাঠে ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় পিন্টুর সাথে থাকা আরও এক ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা ঘটনা নিশ্চিত করে আহত ব্যক্তির চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন বলে জানান।
রিপোর্টারের নাম 




















