মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–আরিচা মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটুরিয়া দিক থেকে ঢাকার উদ্দেশে একটি পরিবহন গাড়ি আসছিল। একই সময়ে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-অ-১১-৪০৫৫) বেপরোয়া গতিতে ওই গাড়িটিকে অতিক্রম করার চেষ্টা করে। ঠিক তখনই ঢাকার দিক থেকে পাটুরিয়ার দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-৩৯-৫২৫৪)। সংকীর্ণ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহনগুলোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মোনায়েম খান (৪০) এবং তার পেছনে বসা স্ত্রী জোসনা আক্তার মারাত্মকভাবে আহত হন। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয়।
হাসপাতালে নেওয়ার পথেই মোটরসাইকেল চালক মোনায়েম খান মারা যান। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী জোসনা আক্তারকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দুর্ঘটনার পর পুলিশ ক্ষতিগ্রস্ত যানবাহন দুটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। এই ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও, পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। বরংগাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ জানিয়েছেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টারের নাম 






















