নরসিংদীর শিবপুরে জমি নিয়ে বিরোধের জেরে অবসরপ্রাপ্ত শিক্ষক আবু সাঈদ মোগলের দুই পায়ের রগ কেটে দেওয়ার মর্মান্তিক ঘটনার পর অবশেষে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত বুধবার সন্ধ্যায় ঢাকার পঙ্গু হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত শিক্ষক শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মোল্লাকান্দা গ্রামের বাসিন্দা ছিলেন এবং শাষপুর কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন।
ঘটনাটি ঘটে গত ১৯ ফেব্রুয়ারি সকালে। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী স্বপন মোগল ও তার ভাই কিরন মোগল শিক্ষক আবু সাঈদ মোগলের দুই পায়ের রগ কেটে দেয়। শিক্ষকের এই নৃশংস মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনুর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুটিয়া ইউনিয়নের মোল্লাকান্দা এলাকায় আবু সাঈদ মাস্টারের ওপর হামলার ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আসামিরা আত্মগোপনে ছিল। পুলিশ তাদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অবশেষে র্যাবের সহায়তায় অভিযুক্ত মূল দুই আসামি মোশারফ হোসেন ওরফে স্বপন মোগল (৪৫) এবং কিরন মোগল (৪২) কে কক্সবাজার থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃতরা উভয়ই মৃত মিয়া চাঁন মোগলের ছেলে এবং তারা শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মোল্লাকান্দা গ্রামের বাসিন্দা।
র্যাব-১১, নরসিংদী এবং র্যাব-১৫, কক্সবাজারের যৌথ অভিযানে কক্সবাজার সদর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব সূত্রে জানা যায়, শিবপুর থানায় দায়ের হওয়া চাঞ্চল্যকর এই মামলায় তারা এজাহারনামীয় আসামি ছিলেন। ঘটনার পর থেকে তারা আত্মগোপনে থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























