সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় দিনদুপুরে সিএনজি অটোরিকশা থামিয়ে এক নারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিসিটিভি ফুটেজে শনাক্ত এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবকের নাম রশিদ আহমদ ওরফে রশিদ আলী। তিনি সিলেটের কানাইঘাট উপজেলার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা এবং পুলিশের তথ্য অনুযায়ী, একটি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার ভোরে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার একটি দল কানাইঘাট থানা পুলিশের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে বিমানবন্দর থানায় নিয়ে আসা হয়।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, হাউজিং এস্টেট এলাকায় সিএনজি অটোরিকশা থামিয়ে ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় সিসিটিভি ফুটেজে যাকে দেখা গেছে, তিনি রশিদ আলী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি নগরীর অভিজাত এলাকা হাউজিং এস্টেটের ভেতরের সড়কে তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়জন ব্যক্তি একটি সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে। এরপর যাত্রী ইয়াসমিন আক্তারের কাছ থেকে একটি ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয় তারা।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি অটোরিকশা সড়ক দিয়ে যাওয়ার সময় তিনটি মোটরসাইকেল সেটির গতিরোধ করে। তাদের মধ্যে একজন মোটরসাইকেল থেকে নেমে অটোরিকশার ভেতরে থাকা ব্যাগটি টানাটানি করে নিয়ে যায়। পরে মোটরসাইকেল আরোহীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার সময় অটোরিকশা থেকে নেমে ওই নারীকে চিৎকার করতে দেখা যায়। পরে ভুক্তভোগী ইয়াসমিন আক্তার বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এই ঘটনা সিলেটজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিল। বিষয়টি নিয়ে শিগগিরই সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হতে পারে বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 






















