সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে ছেলে আটক হওয়ার ঘটনায় পদত্যাগ করেছেন মহানগর বিএনপির ১৬ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক রুমান আহমদ। দলের ভাবমূর্তি রক্ষায় তিনি স্বেচ্ছায় পদ থেকে অব্যাহতি নিয়েছেন বলে জানা গেছে।
জানা যায়, ছিনতাই ও অপহরণ মামলায় তার ছেলে ফারদিন আহমদ (১৮) আটকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর রুমান আহমদ এই সিদ্ধান্ত নেন। তিনি মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরীর কাছে তার অব্যাহতিপত্র জমা দেন।
বুধবার রেজাউল হাসান কয়েস লোদী জানান, ছেলের গ্রেপ্তারের পর ফারদিনের সঙ্গে স্থানীয় বিএনপির অনেক নেতার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ায় রুমান আহমদ বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন। দলের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয়, সেজন্য তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রে রুমান উল্লেখ করেন, তার ছেলে নির্দোষ। যদি আদালতে তা প্রমাণিত হয়, ভবিষ্যতে তিনি আবার দলের পদে ফেরার আশাবাদ ব্যক্ত করেন।
রুমান আহমদ আরও জানান, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আদর্শ ও নিয়মকানুন লালন করেন। কোনো ব্যক্তিগত বা পারিবারিক কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক, তা তিনি চান না। এই নৈতিক অবস্থান থেকেই তিনি ওয়ার্ড সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন।
গত শনিবার নগরীর তাঁতিপাড়া এলাকার নাজমা নিবাস নামে একটি বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে ১০ জনকে আটক করা হয় এবং একজন প্রবাসীসহ দুই ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে রুমান আহমদের ছেলে ফারদিনও ছিলেন। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রিপোর্টারের নাম 





















