বাগেরহাটের মোংলায় দায়িত্ব পালনরত অবস্থায় নিজের ইস্যু করা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের এক সদস্য। বুধবার (১১ মার্চ) সকালে কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত কোস্টগার্ড সদস্যের নাম সালেহ আহমেদ (৪২)। তিনি কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তরে কর্মরত ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, বুধবার সকাল প্রায় ৭টা ৪০ মিনিটের দিকে মোংলায় অবস্থিত কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গার্ড রুমে দায়িত্ব পালনকালে সালেহ আহমেদ হঠাৎ নিজের কাছে থাকা সরকারি আগ্নেয়াস্ত্র বুকের ওপর ঠেকিয়ে গুলি করেন। গুলির শব্দ শুনে আশপাশে থাকা সহকর্মী কোস্টগার্ড সদস্য ও কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহত সদস্যের মরদেহ মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার প্রস্তুতি চলছে। সেখান থেকে প্রয়োজনীয় চিকিৎসা সনদ সংগ্রহের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এ বিষয়ে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, প্রাথমিকভাবে জানা গেছে কোস্টগার্ড সদস্য সালেহ আহমেদ নিজের কাছে থাকা অস্ত্র দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তবে কী কারণে তিনি এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে কোস্টগার্ড কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।
রিপোর্টারের নাম 






















