মিয়ানমারের সামরিক জান্তা সরকারের অনুমতি সাপেক্ষে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) প্রতিনিধিরা দেশটির গৃহবন্দি নেত্রী অং সান সু চির সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাজধানী নাইপিদোতে অনুষ্ঠিত এই বৈঠকে আইসিআরসি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আরনো দ্য বেক। দীর্ঘ সময় পর কোনো বিদেশি সংস্থার সঙ্গে সু চির এই সাক্ষাৎ আন্তর্জাতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
আইসিআরসির প্রকাশিত একটি ছবিতে সু চিকে জন্মদিনের কেক কাটতে দেখা গেছে, যা তার ৮১তম জন্মদিন বলে ধারণা করা হচ্ছে। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে সু চিকে কঠোর গোপনীয়তায় কারাবন্দি করে রাখা হয়েছিল। এ ঘটনার পর তার শারীরিক অবস্থা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ ছিল। ছবিতে কেকের ওপর ‘হ্যাপি বার্থডে আন্টি সু’ লেখা থাকতে দেখা যায়।
উল্লেখ্য, ২০২০ সালের নির্বাচনে অং সান সু চির দল ‘ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি’ নিরঙ্কুশ জয়লাভ করলেও ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর থেকে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে জান্তা সরকার। সু চির দলের জ্যেষ্ঠ নেতারা এই ছবিগুলোকে তার বেঁচে থাকার প্রমাণ হিসেবে দেখছেন এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। তবে জান্তা সরকার সু চির ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
রিপোর্টারের নাম 
























