জামালপুরের বকশীগঞ্জে প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের শিকার এক অসহায় বৃদ্ধ অটোভ্যান চালকের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন লন্ডন প্রবাসী দুই ভাই। তাদের ব্যক্তিগত অর্থায়নে ওই চালকের হাতে একটি নতুন অটোভ্যান তুলে দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অটোভ্যান চালক আকালু মিয়ার হাতে নতুন ভ্যানটি হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল হাই আনুষ্ঠানিকভাবে ভ্যানটি তুলে দেন।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগরসহ লন্ডন প্রবাসী শফিকুল ইসলাম ও সাইদুর রহমানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন অটোভ্যান পেয়ে আবেগাপ্লুত হয়ে আকালু মিয়া লন্ডন প্রবাসী দুই ভাইয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমার ভ্যানটি ছিনতাই হওয়ার পর আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। নতুন ভ্যান পেয়ে আবার কাজ শুরু করতে পারব।”
উল্লেখ্য, গত ৬ মার্চ বিকালে বকশীগঞ্জ পৌর শহরের নামাপাড়া এলাকায় দুই দুর্বৃত্ত বৃদ্ধ আকালু মিয়ার কাছ থেকে তার একমাত্র উপার্জনের মাধ্যম অটোভ্যানটি ছিনতাই করে নিয়ে যায়। এই ঘটনার পর তার আহাজারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি দ্রুত সবার নজরে আসে। সেই ভিডিও দেখে মর্মাহত হয়ে লন্ডন প্রবাসী দুই ভাই শফিকুল ইসলাম ও সাইদুর রহমান মানবিক দৃষ্টান্ত স্থাপন করে নিজস্ব অর্থায়নে আকালু মিয়ার জন্য একটি নতুন অটোভ্যান কিনে দেওয়ার ঘোষণা দেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী বুধবার আনুষ্ঠানিকভাবে ভ্যানটি হস্তান্তর করা হলো।
রিপোর্টারের নাম 





















