ফরিদপুরের ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধান গবেষণা আন্ডারপাসের নিচে ডিম বোঝাই একটি পিকআপের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে আটটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি কামাল হোসেন (৩৫) ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্ৰামের রাজ্জাক শেখের ছেলে। তিনি পেশায় একজন ভূষিমালের ব্যবসায়ী ছিলেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভাঙ্গা পৌর সদর এলাকার ধান গবেষণা ইনস্টিটিউটের সামনের এক্সপ্রেসওয়ের আন্ডারপাস অতিক্রম করার সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রিপোর্টারের নাম 





















