চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান জানিয়েছেন, সাংবাদিকদের বেতন-ভাতা এবং ওয়েজবোর্ড বাস্তবায়নসহ পেশাগত বিভিন্ন বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। মঙ্গলবার চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
সাঈদ আল নোমান বলেন, সাংবাদিকতার মূল ভিত্তি হওয়া উচিত মেধা। মেধার অনুপস্থিতিতে বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সাংবাদিকতা আশা করা যায় না, যা অপ-সাংবাদিকতাকে উৎসাহিত করে। তিনি আরও বলেন, দলীয় প্রভাব সাংবাদিকতাকে কলুষিত করতে পারে, তাই পেশাদারিত্ব, যোগ্যতা ও মেধাকেই সাংবাদিকদের মানদণ্ড হিসেবে বিবেচনা করা উচিত।
চট্টগ্রামের সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, এখানে ছুটির দিনে প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষক হিসেবে থাকবেন অভিজ্ঞ সাংবাদিকরা। তিনি তার বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগ চালু করার পরিকল্পনাও জানান, যেখানে মানসম্মত শিক্ষকের মাধ্যমে দক্ষ সাংবাদিক তৈরি হবে। তিনি জোর দিয়ে বলেন, সাংবাদিকতা একটি বিশেষায়িত পেশা এবং একে শক্তিশালী ও সম্মানজনক করতে মেধা ও পেশাদারিত্ব অপরিহার্য।
বর্তমান সরকার গণমাধ্যমকর্মীদের অধিকার ও কল্যাণে গুরুত্বারোপ করছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, চট্টগ্রামসহ সারা দেশে সাংবাদিকদের বেতন সংক্রান্ত সমস্যা ও অন্যান্য অসুবিধাগুলোর একটি কার্যকর সমাধান পাওয়া যাবে। তিনি আরও বলেন, সংগঠনের উচিত যোগ্যতা ও দক্ষতাকে মূল্যায়ন করা, নতুবা ইফতার মাহফিল ও ক্ষমতা প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ থাকবে।
রিপোর্টারের নাম 























