ফেনীর সোনাগাজী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আল সাঈদ এবং তার অফিস সহায়ককে এক লাখ টাকা ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে সোনাগাজী উপজেলার পিআইও কার্যালয় থেকে দুদকের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। প্রকল্প বাস্তবায়নের নামে দীর্ঘদিন ধরে চলা ‘হরিলুটের’ অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়।
দুদক সূত্রে জানা যায়, সোনাগাজীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়নে পিআইও মোহাম্মদ আল সাঈদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে দুদকের নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. ফারুক আহমেদের নেতৃত্বে ৮ সদস্যের একটি বিশেষ দল বৃহস্পতিবার দুপুরে পিআইও কার্যালয়ে ফাঁদ পাতে। অভিযানকালে ১ লাখ টাকা ঘুষের টাকাসহ মোহাম্মদ আল সাঈদ ও তার অফিস সহায়ককে আটক করা হয়।
দুদকের উপপরিচালক মো. ফারুক আহমেদ সাংবাদিকদের জানান, প্রাথমিক তদন্তে মোহাম্মদ আল সাঈদ এর আগেও সোনাগাজীর বিভিন্ন প্রকল্প থেকে অন্তত ৫ লাখ টাকা ঘুষ নিয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। এছাড়া, উপজেলার বিভিন্ন এলাকায় ৫টি ব্রিজ নির্মাণ বাবদ তিনি মোট ১২ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন। এই অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং প্রমাণ সংগ্রহের জন্য দুদক দীর্ঘ দিন ধরে কাজ করছিল।
মো. ফারুক আহমেদ আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় কাগজপত্র তৈরি শেষে তাদেরকে সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করা হবে। এই গ্রেপ্তারের ঘটনায় সোনাগাজীর বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতিতে জড়িত অন্যদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে স্থানীয়রা মনে করছেন।
রিপোর্টারের নাম 
























