আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সাধারণ মানুষের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহান্দার আলী মিয়া। তিনি বলেছেন, সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এই কার্ডের মাধ্যমে সুবিধা পৌঁছে দিতে বদ্ধপরিকর।
বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলা কার্যালয়ে স্থানীয় কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এমপি জাহান্দার আলী মিয়া জানান, বিগত নির্বাচনের আগে সরকার ‘ফ্যামিলি কার্ড’, ‘কৃষি কার্ড’ এবং ‘স্বাস্থ্য কার্ড’ চালুর যে ঘোষণা দিয়েছিল, তা রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ। এই উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে বর্তমানে দেশের আটটি বিভাগের ১৪টি উপজেলায় পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে রাজবাড়ী জেলার একটি উপজেলাও এই পাইলট প্রকল্পের আওতায় রয়েছে।
তিনি আরও বলেন, সরকার পুরো প্রক্রিয়াটিকে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সুসংগঠিতভাবে সম্পন্ন করতে চায়। দলীয় প্রভাবমুক্ত রেখে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে একটি অনলাইন ব্যবস্থার অধীনে এই কার্ড বিতরণ করা হবে। অতীতে বিভিন্ন প্রকার ভাতা ও সরকারি সহায়তা বিতরণে যে ধরনের সমালোচনা বা অনিয়ম সংঘটিত হওয়ার অভিযোগ উঠেছিল, তা থেকে উত্তরণের লক্ষ্যেই এই ডিজিটাল ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও, সভায় রাজৈর উপজেলা বিএনপি এবং মাদারীপুর জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন।
রিপোর্টারের নাম 
























