চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক ইটভাটা মালিকের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি এবং মারধরের অভিযোগে হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী ও তার দুই সহযোগীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী মো. শফিউল আলম গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি দায়ের করেন। মামলার অপর দুই আসামি হলেন আলাউদ্দিন এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জন।
মামলার বাদীপক্ষের আইনজীবী মো. ওসমান গনি বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত মামলাটি আমলে নিয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, গত ১১ ফেব্রুয়ারি সকালে হারুয়ালছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী ও তার সহযোগীরা ভুক্তভোগী শফিউল আলমের মালিকানাধীন এন এস ব্রিকফিল্ডে গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তারা চাঁদা পরিশোধের জন্য চার দিনের সময়সীমা বেঁধে দিয়ে চলে যান। পরবর্তীতে ১৫ ফেব্রুয়ারি বিকেলে অভিযুক্তরা পুনরায় ব্রিকফিল্ডে এসে একই পরিমাণ চাঁদা দাবি করেন। এই সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ব্যবসায়ী শফিউল আলমকে শার্টের কলার ধরে টেনেহিঁচড়ে মারধর করেন। চাঁদা না পেয়ে অভিযুক্তরা ইটভাটার ইঞ্জিনসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
রিপোর্টারের নাম 





















