পিরোজপুরের ইন্দুরকানীতে গভীর রাতে এক বসতবাড়িতে ভয়াবহ হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের বাধা দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে রনজিত দাস নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের উত্তর বাড়ইখালী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রনজিত দাসের বসতঘরে হানা দেয়। তারা ঘরে ঢুকে মূল্যবান মালামাল লুট করতে শুরু করলে গৃহকর্তা রনজিত বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে তারা বসতঘরটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অগ্নিসংযোগের পর আগুনের লেলিহান শিখা ও আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে ঘরের বেশ ক্ষয়ক্ষতি হয়। পরে রক্তাক্ত অবস্থায় রনজিত দাসকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হাওলাদার জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 



















