মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সৃষ্ট তুচ্ছ ঘটনার জেরে ছুরিকাঘাতে এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম তারেক মিয়া (১৯)। তিনি ওই গ্রামের গাজি মিয়ার ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ঘরগাঁও গ্রামের একটি মাঠে স্থানীয় যুবকরা ক্রিকেট খেলছিলেন। খেলার এক পর্যায়ে প্রতিবেশী আতিক মিয়ার সাথে তারেক মিয়ার কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা হয়। তর্কের এক পর্যায়ে আতিক উত্তেজিত হয়ে তারেককে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। ছুরিকাঘাতে তারেকের বুক, হাত ও পায়ের ঊরু মারাত্মকভাবে জখম হয়।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুমন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তকে আটকে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 





















