চাঁপাইনবাবগঞ্জে মাত্র এক ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় স্তম্ভিত স্থানীয়রা। মৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মৃত ইউনুস বিশ্বাসের ছেলে আব্দুস সাত্তার টুনু (৭৫) ও মো. রফিকুল ইসলাম (৭০)। তাদের একজন বার্ধক্যজনিত কারণে এবং অন্যজন চোর ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে প্রাণ হারান।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আনসার ক্যাম্প সংলগ্ন বেলেপুকুর মহল্লার বাসিন্দা আব্দুস সাত্তার টুনু বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বড় ভাইয়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই ভোর ৪টার দিকে ঘটে আরও এক হৃদয়বিদারক ঘটনা। আলিনগর এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম নিজ বাড়িতে চোর ধরতে গিয়ে ছাদ থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এক ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের এমন আকস্মিক ও ভিন্ন পরিস্থিতিতে মৃত্যু এলাকায় গভীর শোকের আবহ তৈরি করেছে।
রফিকুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ। তিনি জানান, চোর ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে রফিকুলের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বড় ভাই আব্দুস সাত্তার টুনুর জানাজা শেষে বেলেপুকুর কবরস্থানে দাফন করা হয়েছে। অন্যদিকে, রফিকুল ইসলামের মরদেহ বুঝে পাওয়ার জন্য তারা পুলিশের আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অপেক্ষায় রয়েছেন।
রিপোর্টারের নাম 






















