কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দেবিদ্বার থানা পুলিশের অভ্যন্তরীণ দুর্নীতি, দালাল সিন্ডিকেট এবং মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে কঠোর সমালোচনা করেছেন। বুধবার দুপুরে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এক বিশেষ সভায় তিনি থানার সেকেন্ড অফিসার ও এক উপ-পরিদর্শককে (এসআই) প্রকাশ্যে ‘পুরোপুরি দুর্নীতিবাজ’ আখ্যা দিয়েছেন। এ সময় তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানকে সামনে রেখেই দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করার কড়া নির্দেশ দেন।
দেবিদ্বার উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি হাসনাত অভিযোগ করেন, ওসি আন্তরিক হলেও তার অধীনস্থ কিছু কর্মকর্তা মোটেও আন্তরিক নন। তিনি সরাসরি বলেন, থানার সেকেন্ড অফিসার ‘ফুললি করাপ্টেড’ এবং টাকা ছাড়া কোনো কাজ করেন না। একইসঙ্গে এক এসআইয়ের বিরুদ্ধেও তিনি ঘুষ ছাড়া কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তোলেন। সংসদ সদস্য আরও দাবি করেন, কোনো আসামি ধরতে গেলে আগাম তথ্য ফাঁস হয়ে যায়, ফলে ‘চোর-পুলিশের খেলা’ চলছে।
এমপি হাসনাত অভিযোগ করেন, থানার কার্যক্রমে পুলিশের বাইরে এক ব্যক্তির প্রভাব রয়েছে। তিনি বলেন, “আপনার থানা আপনি চালান না, থানা চালায় হেলাল।” তার দাবি, ওই ব্যক্তি মামলার রুজু, এজাহার গ্রহণসহ বিভিন্ন বিষয়ে অনানুষ্ঠানিকভাবে প্রভাব বিস্তার করেন। তিনি প্রশ্ন তোলেন, পুলিশের কোনো আনুষ্ঠানিক পদে না থেকেও কীভাবে ওই ব্যক্তি নিয়মিত থানায় অবস্থান করেন এবং সিদ্ধান্ত প্রক্রিয়ায় যুক্ত থাকেন।
থানাকে ঘিরে একটি সক্রিয় দালাল ও মাদক সিন্ডিকেট রয়েছে বলেও অভিযোগ করেন এমপি হাসনাত। তিনি বলেন, সাধারণ মানুষ সরাসরি থানায় যেতে ভয় পায়। একজন ভুক্তভোগী যেন স্বাভাবিক প্রক্রিয়ায় থানায় গিয়ে অভিযোগ জানাতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে ওসিকে নির্দেশ দেন তিনি। তিনি ওসিকে উদ্দেশ্য করে বলেন, থানাকে দালালমুক্ত করতে হবে এবং পুলিশ-জনগণের সম্পর্ক হতে হবে সরাসরি ও আইনসম্মত। অবৈধ কোনো বিষয়ে সহযোগিতা না করারও আহ্বান জানান তিনি।
সংসদ সদস্য জানান, গত এক বছর ধরে তিনি ব্যক্তিগতভাবে বিষয়গুলো খতিয়ে দেখেছেন এবং সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন। তার দাবি, থানার ভেতরে একটি অনানুষ্ঠানিক চক্র সক্রিয় রয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 






















