বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের হতদরিদ্র ও প্রতিবন্ধী আবুল হাসনাত পেয়েছেন একটি নতুন পাকা ঘর। জরাজীর্ণ বসতঘরে মানবেতর জীবনযাপন করা এই ব্যক্তির করুণ দশা সংবাদকর্মীদের মাধ্যমে নজরে আসে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী সুজার। ইউএনওর মানবিক উদ্যোগে এবং উপজেলা সমাজকল্যাণ কমিটির তত্ত্বাবধানে নির্মিত এই নতুন ঘরটির উদ্বোধন করা হয় গত ২৫ ফেব্রুয়ারি দুপুরে।
জানা যায়, প্রায় তিন মাস আগে সংবাদকর্মীদের মাধ্যমে আবুল হাসনাতের দুরবস্থার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা সরেজমিন তার বাড়ি পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসেন এবং উজিরপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। আবুল হাসনাতের মানবেতর জীবনযাপন প্রত্যক্ষ করে তাৎক্ষণিকভাবে উপজেলা সমাজকল্যাণ কমিটির মাধ্যমে একটি পাকা ঘর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় গত শনিবার দুপুর ১২টায় নবনির্মিত ঘরটির শুভ উদ্বোধন করেন ইউএনও মোহাম্মদ আলী সুজা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং উজিরপুর উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা আকাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা বলেন, প্রশাসনের পক্ষ থেকে প্রকৃত অসহায় ও দুস্থ পরিবারের সন্ধান পেলে সরেজমিন যাচাই-বাছাই করে তাদের মৌলিক চাহিদা পূরণে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত আবুল হাসনাত জানান, অতীতে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীর দ্বারে দ্বারে ঘুরেও তিনি কোনো সহযোগিতা পাননি। সংবাদকর্মীদের মাধ্যমে তার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসতেই তিনি দ্রুত পদক্ষেপ নিয়ে গৃহ নির্মাণের ব্যবস্থা করেন। তিনি প্রত্যাশা করেন, দেশের প্রতিটি উপজেলায় যেন এমন মানবিক ও সংবেদনশীল কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।
রিপোর্টারের নাম 






















