সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নবনিযুক্ত প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল কাইয়ুম চৌধুরী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় বিদায়ী প্রশাসক ও সিলেট বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী নতুন প্রশাসকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব গ্রহণের পর আব্দুল কাইয়ুম চৌধুরী নগরবাসীর প্রতি তার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, পরিচ্ছন্ন ও মশক মুক্ত নগরী গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। নগরবাসীর সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই হবে আমার মূল অগ্রাধিকার।” নতুন মন্ত্রিসভায় সিলেটের দু’জন মন্ত্রীর অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম ও জনশক্তি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সহযোগিতা নিয়ে নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে তিনি বদ্ধপরিকর।
এর আগে সকাল সাড়ে ১১টায় আব্দুল কাইয়ুম চৌধুরী ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। সেখান থেকে তিনি সরাসরি পুণ্যভূমি সিলেটের দুই কিংবদন্তী ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
দুপুরে নগরভবনে পৌঁছালে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার এবং সচিব বিশ্বজিত দেব তাকে ফুলেল শুভেচ্ছা জানান। দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠানে কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পরপরই বেলা আড়াইটায় নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন, যেখানে তিনি তার কর্মপরিকল্পনা ও অগ্রাধিকার বিষয়গুলো তুলে ধরেন।
রিপোর্টারের নাম 





















