রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, তিনি জনগণের খাদেম হিসেবে তাদের সঙ্গে দেখা করতে এসেছেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাদের সেবায় নিয়োজিত থাকতে চান। বুধবার তারাগঞ্জ উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগ ও মতবিনিময়কালে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ভালোবাসায় পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
বুধবার সকালে তিনি তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের জগদীশপুর, বালাপাড়া, জুম্মাপাড়া, সরকারপাড়া, সাহাপাড়া, কামারপাড়া এবং ইকরচালী বাজারসহ বেশ কয়েকটি গ্রামে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন। বিভিন্ন বয়সের নারী-পুরুষ, প্রবীণ ও তরুণরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তার আগমনে এলাকায় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই তার মূল শক্তি। তিনি দল-মত নির্বিশেষে এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেন। তিনি এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।
গণসংযোগ শেষে তিনি তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। সেখানে তিনি হাসপাতালে ভর্তি রোগীদের শয্যাপাশে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামদুল্লাহর কাছে তিনি হাসপাতালের বিভিন্ন সমস্যা, চিকিৎসা সেবার মান এবং প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত জানতে চান।
এ সময় তার সঙ্গে ছিলেন তারাগঞ্জ উপজেলা জামায়াতের আমির এস.এম আলমগীর হোসেন, রংপুর জেলা কর্ম পরিষদ ও সূরা সদস্য আব্দুল হান্নান খান এবং তারাগঞ্জ উপজেলার স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
রিপোর্টারের নাম 
























