দিনাজপুর সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই তাঁর নির্বাচনী এলাকার একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। বুধবার সকাল সাড়ে ১১টায় শহরের দক্ষিণ লালবাগ জামে মসজিদের তিন তলাবিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন তিনি।
এমপি নির্বাচিত হওয়ার পর এটি তাঁর প্রথম জনহিতকর উদ্যোগ, যা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সৈয়দ জাহাঙ্গীর আলম আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “মহান আল্লাহর অশেষ রহমতে আমি আজ জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছি। প্রথম সুযোগেই তাঁর ঘর নির্মাণের কাজে যুক্ত হতে পেরে আমি ধন্য। আমি আশা করি, সকলের সহযোগিতা ও দোয়া নিয়ে আমি জনগণের সেবা করতে পারব।”
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মসজিদের সার্বিক কল্যাণ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। মুনাজাত পরিচালনা করেন দক্ষিণ লালবাগ জামে মসজিদের খতিব মাওলানা মো. মুনসেফ আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ লালবাগ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি-২ মো. আজহারুল ইসলাম দুলু, সাধারণ সম্পাদক মো. মকসেদুল আলম দুলাল, যুগ্ম সম্পাদক শাহিদ আহমেদ, কোষাধ্যক্ষ গোলাম সোস্তফা খোকন। এছাড়াও বিশিষ্ট সমাজসেবক সাবেক টিটিই মো. আজিজুল হক, দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. হারুনুর রশিদ রাজা, বিশিষ্ট সমাজসেবক বাবু চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ কমিটির সদস্যবৃন্দ, এলাকার বিএনপি নেতাকর্মী এবং বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























