ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগের আবেদন জমা দেওয়ার পর থেকেই দেশের অন্যতম এই শীর্ষ বিদ্যাপীঠের নেতৃত্ব পদে কে আসছেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। রোববার সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র হস্তান্তর করেন। তার পদত্যাগপত্র গৃহীত হলে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক পদটি শূন্য হবে এবং নতুন উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপাচার্য পদে সম্ভাব্য কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষকের নাম ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এই পদের দৌড়ে যাদের নাম শোনা যাচ্ছে, তাদের মধ্যে রয়েছেন বর্তমান উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।
উপাচার্য পদের দৌড়ে এগিয়ে থাকা অধ্যাপক ড. মামুন আহমেদ প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের একজন স্বনামধন্য অধ্যাপক। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক মামুন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এবং দলের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গসংগঠন জাসাসের সভাপতির দায়িত্বেও রয়েছেন।
অন্যদিকে, আলোচনায় থাকা আরেকজন প্রভাবশালী শিক্ষক হলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান। তিনি বর্তমানে সাদা দলের আহ্বায়ক এবং ইউট্যাবের (ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি, তিনি বিএনপির নির্বাহী কমিটির গণশিক্ষা সম্পাদক এবং দলটির মিডিয়া সেলের একজন সক্রিয় সদস্য।
রিপোর্টারের নাম 

























