স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ বৃহস্পতিবার তাদের প্রধান কোচ হিসেবে অভিজ্ঞ পর্তুগিজ কোচ জোসে মরিনহোকে পুনরায় নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। ৬৩ বছর বয়সী মরিনহোর সঙ্গে ক্লাবটি তিন বছরের চুক্তি স্বাক্ষর করেছে। আগামী ১৩ জুলাই থেকে শুরু হতে যাওয়া প্রাক-মৌসুম অনুশীলন থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
মরিনহোকে ফিরিয়ে আনতে রিয়াল মাদ্রিদ পর্তুগিজ ক্লাব বেনফিকাকে প্রায় ১ কোটি ৩০ লক্ষ পাউন্ড (প্রায় ১ কোটি ৫০ লক্ষ ইউরো) ক্ষতিপূরণ প্রদান করেছে। এক দশকেরও বেশি সময় পর তিনি পুনরায় সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরছেন। ক্লাব সভাপতি নির্বাচনের প্রচারণার সময় বর্তমান সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, যদি তিনি পুনরায় নির্বাচিত হন, তবে মরিনহোকে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ফিরিয়ে আনবেন।
নির্বাচনে ৭৯ বছর বয়সী পেরেজ এনরিকে রিকেলমেকে পরাজিত করে ৬৫ শতাংশ ভোট পেয়ে পুনরায় সভাপতির দায়িত্ব গ্রহণ করেন এবং তার প্রতিশ্রুতি অনুযায়ী মরিনহোকে কোচের পদে ফিরিয়ে আনলেন। রিয়াল মাদ্রিদের দায়িত্বে এটি হবে মরিনহোর দ্বিতীয় অধ্যায়। ২০১০ সালে প্রথমবার দায়িত্ব নেওয়ার পর তিনি ক্লাবটিকে একটি লা লিগা শিরোপা, একটি কোপা দেল রে এবং একটি স্প্যানিশ সুপার কাপ জিতিয়েছিলেন।
রিয়াল ছাড়ার পর মরিনহো ইংল্যান্ডের চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যামের কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়া সম্প্রতি ইতালির রোমা, তুরস্কের ফেনারবাহচে এবং সর্বশেষ বেনফিকার দায়িত্বে ছিলেন। বেনফিকায় তিনি দলকে পুরো লিগে অপরাজিত রাখতে সক্ষম হলেও লিগে তৃতীয় স্থানে সন্তুষ্ট থাকতে হয়।
মরিনহো এমন এক সময়ে রিয়াল মাদ্রিদে ফিরছেন যখন ক্লাবটি টানা দুই মৌসুমে কোনো শিরোপা জিততে পারেনি। তার প্রত্যাবর্তনকে সমর্থকরা বার্নাব্যুতে নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন।
রিপোর্টারের নাম 




















