শুক্রবার থেকে বলিউড জুড়ে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়ে যে বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র হাসপাতালে ভর্তি হয়েছেন। এই খবরটি ছড়িয়ে পড়তেই তাঁর অগণিত অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা যায়। তবে, শনিবার (১ নভেম্বর) সকালে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে যে, বর্তমানে এই কিংবদন্তি অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকেরা আশ্বস্ত করেছেন যে, তাঁর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার শ্বাসকষ্ট শুরু হওয়ায় তড়িঘড়ি ধর্মেন্দ্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, রাতভর তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। বর্তমানে তাঁর রক্তচাপ ও হৃৎস্পন্দন স্বাভাবিক রয়েছে এবং অন্যান্য শারীরবৃত্তীয় প্রক্রিয়াও ঠিকঠাক চলছে।
হাসপাতালের একজন কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, “ধর্মেন্দ্র এখন ভালো আছেন। তাঁর হৃৎস্পন্দন ৭০, রক্তচাপ ১৪০/৮০। প্রস্রাবের পরিমাণও স্বাভাবিক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সব কিছুই প্রাকৃতিকভাবে হচ্ছে, কোনো ধরনের যন্ত্রের সহায়তা লাগছে না।”
এর আগে, চলতি বছরের শুরুতেই তিনি এক চোখে অস্ত্রোপচার করিয়েছিলেন। সে সময় হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশে হাসিমুখে তিনি বলেছিলেন, “এখনও আমি শক্তপোক্ত, তরতাজা। চোখে সামান্য সমস্যা হয়েছিল, তাই অপারেশন করালাম।”
সম্প্রতি করণ জোহর পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘রকি ওউর রানি কি প্রেম কাহানি’-তে অভিনয় করে ধর্মেন্দ্র নতুন করে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। সিনেমাটিতে শাবানা আজমির সঙ্গে তাঁর রোমান্টিক দৃশ্যটি বলিউডে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। ঠিক সেই সময়ে হঠাৎ তাঁর হাসপাতালে ভর্তির খবর ছড়িয়ে পড়তেই স্বাভাবিকভাবেই ভক্তরা উদ্বিগ্ন হয়ে ওঠেন।
সংবাদমাধ্যম সূত্র জানিয়েছে, এটি মূলত নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবেই হাসপাতালে ভর্তি হওয়া এবং তিনি চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন। আগামী ৮ ডিসেম্বর ৯০ বছরে পা দেবেন এই জীবন্ত কিংবদন্তি। খুব শীঘ্রই তাঁকে শ্রীরাম রাঘবনের পরিচালনায় নির্মিত ‘ইক্কিস’ সিনেমায় দেখা যাবে। এই সিনেমাটিতে তাঁর সহশিল্পী হিসেবে থাকছেন জয়দীপ আহলাওয়াত এবং অমিতাভ বচ্চনের নাতি অগ্যস্ত নন্দা। চিকিৎসকেরা অত্যন্ত আশাবাদী যে, ধর্মেন্দ্র খুব দ্রুতই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন।
রিপোর্টারের নাম 

























