এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী, সুরকার, সংগীত পরিচালক ও সাউন্ড ইঞ্জিনিয়ার এস কে সাগর শান গানের জগতে এক দশকেরও বেশি সময় ধরে সক্রিয় রয়েছেন। আধুনিক, পপ, মেলো, রক এবং মডার্ন ফোক ঘরানার গান গেয়ে তিনি শ্রোতাদের মন জয় করেছেন।
২০১২ সালে এস কে সাগর শান প্রতিষ্ঠা করেন ব্যান্ড দল ‘পাঞ্জেরী’, যেখানে তিনি প্রতিষ্ঠাতা ও লিড ভোকালিস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি প্রকাশিত হতে চলেছে দেলোয়ার আরজুদা শরফের লেখা এবং সাগরের সুর-সংগীতে তার নিজের গাওয়া ‘পরকীয়া প্রেম’ গানটি। এই গানটি নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী।
সাগরের বাবা মো. আব্দুল কাদের এবং মা মরহুম শাহিদা পারভীন। তিনি বলেন, ‘আজীবন গানে গানেই নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাই, কখনো গান গেয়ে কখনো সুর সৃষ্টি করে। সারা বিশ্বের প্রবাসী বাংলা ভাষীরা আমার গানে আরো মুগ্ধ হবে, বাংলাদেশের গানকে আন্তর্জাতিক অঙ্গনে আরো সমাদৃত করার স্বপ্ন আমার। আর স্বপ্ন নিজ ব্যান্ডদল পাঞ্জেরীকে নিয়ে।’
বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশের অডিও ইন্ডাস্ট্রি, সিনেমা ও নাটকের আবহ সংগীতেও সফলতার সাথে কাজ করেছেন। লেজার ভিশন থেকে প্রকাশিত তার প্রথম একক মৌলিক গান ‘মায়াবী রাত’ শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।
২০১৯ সাল থেকে তিনি পেশাদারভাবে মিউজিক ডিরেক্টর ও সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করেন। সংগীতের পাশাপাশি ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে প্রতিবেদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ‘ডেড বডি’ ও ‘ভালোবাসি তোমায়’ (মুক্তি প্রতীক্ষিত) সিনেমার সংগীতায়োজনের পাশাপাশি ‘ভালোবাসি তোমায়’ সিনেমায় দুটি গানও গেয়েছেন তিনি।
সাগরের গাওয়া উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘মায়াবী রাত’, ‘মায়ায় পড়িস না’, ‘এসো মিলি প্রাণের টানে’, ‘বউ ছিনতাই’, ‘মনের আঙিনা’, ‘ও পাগলা রে জাদু রে’, ‘ঐ চোখে তাকালে’, ‘রঙিলা বৈশাখ’, ‘ভালোবাসার একটা নদী’ ইত্যাদি।
রিপোর্টারের নাম 

























