‘জুলাই-২৪ শহীদ পরিবার অ্যাসোসিয়েশন’ নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। ২১ সদস্যের কমিটি ঘোষণার মধ্য দিয়ে রোববার রাজধানীর কারওয়ান বাজারের ট্রেড সেন্টারে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এতে শহীদ ফারহানের পিতা শফিকুল ইসলামকে সভাপতি এবং শহীদ ইয়ামিনের পিতা মহি উদ্দীনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সংগঠনের আত্মপ্রকাশ ও পরিচিতি অনুষ্ঠানের পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে সৈয়দ আবদাল আহমদ বলেন, জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে দেশ থেকে ফ্যাসিবাদ দূর হয়েছে; আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এবং দেশ আবার গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। তিনি শহীদদের স্মৃতিকে ইতিহাস হিসেবে যুগ যুগ ধরে গণতন্ত্রকামী মানুষের প্রেরণার উৎস হিসেবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ তার বক্তব্যে বলেন, জুলাই বিপ্লবের শহীদ ও শহীদ পরিবারের স্বপ্ন ব্যর্থ হলে রাষ্ট্র ব্যর্থ হয়ে যাবে। তাই জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্নকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
সংগঠনের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন শহীদ মুগ্ধের বাবা ও সংগঠনের সিনিয়র সহসভাপতি মীর মোস্তাফিজুর রহমান। ঘোষিত কমিটির অন্য সদস্যরা হলেন: সহসভাপতি গোলাম রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক গাউছ উল্লাহ, অর্থ সম্পাদক গাজীউর রহমান, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল মতিন, প্রচার সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, দপ্তর সম্পাদক কাজী লুলুল মাধমিন, সহ-দপ্তর সম্পাদক সামমুজ্জামান, তথ্য সম্পাদক রুফাইদা ইসলাম চাঁদিনী, সহ-তথ্য সম্পাদক আমান উল্লাহ শহীদ, আইন সম্পাদক শফিকুল ইসলাম, সহ-আইন সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, স্বাস্থ্য সম্পাদক সাইফ আহমেদ খান। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আইনুন নাহার, মরিয়ম খানম, আবুল হোসেন এবং আবুল খায়ের।
সংগঠনের সভাপতি ঘোষণা দেন যে, জাতীয় নির্বাচনের আগেই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি সমাবেশের আয়োজন করা হবে। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সংগঠনটির অস্থায়ী কার্যালয় রাজধানীর কাওরান বাজারের ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে স্থাপন করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























