জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। শুক্রবার বাদ জুমা অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি অভিযোগ করেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারও ফ্যাসিবাদী পথে হাঁটছে এবং জুলাই বিপ্লবের মূল চেতনা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “বিগত আওয়ামী লীগ সরকার যা করেছে, বর্তমান সরকারও তাই করছে। পতিত ফ্যাসিস্ট সরকার এবং বর্তমান সরকারের মধ্যে কার্যত কোনো পার্থক্য দেখা যায় না।” তিনি উল্লেখ করেন, জুলাই বিপ্লবের সূচনা হয়েছিল সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে, কিন্তু “বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার নানান রকম কোটা চালু করেছিল, আর বর্তমান সরকার চালু করেছে বিএনপি কোটা।”
তিনি আরও অভিযোগ করেন, সরকার নির্লজ্জভাবে সর্বত্র দলীয়করণ করছে। রাষ্ট্রীয়, সাংবিধানিক, ব্যাংক-বিমা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মসজিদ, মন্দিরসহ সকল প্রতিষ্ঠানে দলীয় লোকজনকে বসিয়ে সেগুলোকে দলীয় প্রতিষ্ঠানে রূপ দেওয়া হচ্ছে, যা বৈষম্য সৃষ্টি করছে। অথচ এই বৈষম্যের বিরুদ্ধেই জুলাই বিপ্লব অর্জিত হয়েছিল।
অধ্যাপক রহমান বলেন, “সরকারের একজন মন্ত্রী নিজেও স্বীকার করেছেন যে, জুলাই বিপ্লব পরবর্তী কিছুই পরিবর্তন হয়নি; সবকিছু আগের মতোই চলছে!” তিনি প্রশ্ন তোলেন, কেন কিছুই পরিবর্তন হয়নি, কেন সবকিছু আগের মতোই চলছে? এর কারণ হিসেবে তিনি বর্তমান সরকারের ফ্যাসিবাদী পথে হাঁটাকে দায়ী করেন, যা জুলাই বিপ্লবের চেতনা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের পরিপন্থী।
তিনি দাবি করেন, গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন হলে সবকিছুর পরিবর্তন হবে এবং জাতি একটি নতুন বাংলাদেশ দেখতে পাবে। জাতিকে নতুন বাংলাদেশ উপহার দেওয়া সরকারের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, সরকার এই দায়িত্ব পালনে বিরোধীদলের সহযোগিতা চাইলে জামায়াতে ইসলামী তা করবে।
জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই বিপ্লবের শহীদরা যে আকাঙ্ক্ষা নিয়ে জীবন দিয়েছেন, তা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। শহীদদের আকাঙ্ক্ষা পূরণের জন্য গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করা উচিত। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, যারা জীবন দিয়ে শহীদ হয়েছেন, তাদের আকাঙ্ক্ষা দুই বছরেও বাস্তবায়িত হয়নি।
রিপোর্টারের নাম 





















