যুক্তরাষ্ট্রের কানেকটিকাট স্টেটে একটি নতুন আইন কার্যকর হয়েছে, যার আওতায় স্কুলগুলোতে ইসলাম ও আরব সংস্কৃতি বিষয়ক পাঠ্য কারিকুলাম তৈরি করবে স্টেট শিক্ষা বোর্ড। সম্প্রতি কার্যকর হওয়া এই আইনটি একটি বৃহত্তর বিলের অংশ হিসেবে যুক্ত করা হয়েছে। এতে স্টেট বোর্ড অব এডুকেশনকে (এসবিই) ইসলাম ও আরব সংস্কৃতি বিষয়ে কারিকুলাম তৈরি করে স্থানীয় স্কুল বোর্ডগুলোর কাছে সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্কুলগুলোকে এসব বিষয় পাঠদানে উৎসাহিত করা হবে।
তবে, কারিকুলামের এই বিষয়গুলো পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক নয়। স্কুলগুলো চাইলে নিজেদের পাঠ্যসূচিতে এসব বিষয় যুক্ত করতে পারবে। এর আগে কানেকটিকাটে আফ্রিকান-আমেরিকান ও কৃষ্ণাঙ্গ ইতিহাস, পুয়ের্তো রিকান ও লাতিনো স্টাডিজ, নেটিভ আমেরিকান স্টাডিজ, এশিয়ান আমেরিকান ও প্যাসিফিক আইল্যান্ডার স্টাডিজ এবং হলোকাস্ট ও গণহত্যা সচেতনতা বিষয়ক পাঠ্যক্রম তৈরির বিধানও রয়েছে।
আইনটিকে স্বাগত জানিয়েছেন কয়েকজন মুসলিম নেতা ও ডেমোক্র্যাট রাজনীতিবিদ। কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের কানেকটিকাট শাখার চেয়ারম্যান ফরহান মেমন বলেন, এর অর্থ এই নয় যে আগামী বছর সব স্কুলে আরবি বা ইসলামিক স্টাডিজ পড়ানো হবে। তবে কোনো স্কুল চাইলে স্টেটের তৈরি পাঠ্যক্রম ব্যবহার করে এসব বিষয় পড়াতে পারবে।
এদিকে, একই বিলের আরেকটি ধারায় সরকারি স্কুলে ইহুদিবিদ্বেষ (অ্যান্টিসেমিটিজম) মোকাবিলায় ১৫ সদস্যের একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের বিধান রাখা হয়েছে। এই কমিটি শিক্ষার্থী, পরিবার, শিক্ষক ও স্কুল কর্মীদের প্রভাবিত করা ইহুদিবিদ্বেষ সংক্রান্ত বিষয়ে নির্দেশনা ও সহায়ক উপকরণ তৈরি করবে।
রিপোর্টারের নাম 















