গণমাধ্যমের জবাবদিহিতা ও পেশাদার সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন গঠনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি আশা প্রকাশ করেছেন, স্বল্প সময়ের মধ্যেই এই কমিশনের খসড়া প্রস্তুত হবে।
শুক্রবার বরিশালে টেলিভিশন অ্যান্ড মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, সকলের সহযোগিতায় একটি শক্তিশালী ও কার্যকর গণমাধ্যম কমিশন গঠন করা সম্ভব হবে, যা সৎ সাংবাদিকতাকে উৎসাহিত করবে এবং অসৎ সাংবাদিকতার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলবে।
মতবিনিময় সভায় বিটিএমএ সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আক্তার ফারুক শাহীন, বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি নিকুঞ্জ বালা পলাশ এবং সাধারণ সম্পাদক শাহীন হাফিজসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, গণমাধ্যমের স্বাধীনতা, জবাবদিহিতা এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
এর আগে সকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরিশাল পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তথ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’। তিনি জোর দিয়ে বলেন, দেশে ধর্ম, বর্ণ নির্বিশেষে কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না এবং ধর্ম বিশ্বাসকে সাম্প্রদায়িক পকেটে পরিণত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে।
রিপোর্টারের নাম 






















